সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় নুরুল আলম (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) সকালে খুটাখালী হাই স্কুল-এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আলম স্থানীয় গর্জনতলী গ্রামের মৃত জেবর মুল্লুকের ছেলে। তিনি এক ছেলে ও চার মেয়ের জনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাবেক মেম্বার মোহাম্মদ শুক্কুর জানান, সকালে বাড়ি থেকে খুটাখালী বাজারে যাওয়ার পথে হাই স্কুলের সামনে রাস্তা পারাপারের সময় চকরিয়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের কোনো আপত্তি না থাকায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে একই দিন মাগরিবের পর গর্জনতলী জামে মসজিদ মাঠে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।


