মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে সালিশি বৈঠক চলাকালে শফিউল আলম নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে প্রধান আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১৭ এপ্রিল) খৈয়াছরা ইউনিয়নের মধ্যম মঘাদিয়া গ্রামে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় নিহতের ছেলে আরাফাত হোসেন সিফাত বাদী হয়ে মিরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলায় একই এলাকার মৃত মুসলিম উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম রিংকু সহ তিন জনকে আসামী করা হয়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে লাশের ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় নিহত শফিউল আলমের জানাযা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, শফিউল আলম হত্যা মামলার প্রধান আসামী সাইদুল ইসলাম রিংকুকে রাতভর অভিযান চালিয়ে শনিবার (১৮এপ্রিল) সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামীদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামে সালিশি বৈঠক চলাকালে হামলায় নিহত হন শফিউল আলম। তিনি মিরসরাই উপজেলার মধ্যম আমবাড়ীয়া গ্রামের মৃত নুর বকসের পুত্র। এসময় হামলায় আহত হয়েছেন নিহতের বড় ভাই নুর আলম, ছেলে সিফাত, ভাতিজা ফকির আহম্মদ ও গ্রাম সর্দার আজিম উদ্দিন।


