বান্দরবান সদর উপজেলা টংকাবতী ইউনিয়ন থেকে ছয়জন রাবার শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা করেছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাতিরডেরা এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন- নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। অপহৃতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় ও জনপ্রতিনিধি, কাজ শেষ করে রাবার শ্রমিকরা রাবার বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ হাতে অস্ত্র ও মুখোশ পড়ে রাবার শ্রমিকদের এসে মারধর করে। পরে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। রাতে অপহরণ বিষয়টি জানাজানি না হলেও ভোরে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, রাতে শ্রমিকদের অপহরণের পর অপহরণকারীরা আমার সঙ্গে যোগাযোগ করেছে। মুক্তিপণ হিসেবে তারা ২০ লাখ টাকা দাবি করেছে।
টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, রাতে ছয় রাবার শ্রমিকদের অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।
টংকাবতী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুদীপ বড়ুয়া বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী যাচ্ছে। উদ্ধারের অভিযান অব্যাহত চলমান বলে জানান তিনি।


