চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি মো. আবুল কাশেম ওরফে নলা কাশেমকে (৪৩) আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার দক্ষিণ সলিমপুর এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতার করা হয় মো. আবুল কাশেমকে। গ্রেফতার আসামির বিরুদ্ধে র্যাব-৭ এর ডিএডি আব্দুল মোতালেব হত্যাসহ ডাকাতি, দস্যুতা ও অস্ত্রসহ মোট ১৫টি মামলা রয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অভিযানে আসামির কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ তাজা ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এর আগে গত ২৮ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ধরতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় এখন পর্যন্ত ২০ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে যান র্যাব-৭ এর সদস্যারা। এ সময় তাদের গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় গাড়ি। র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে র্যাবের চার সদস্য গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতাল নিলে মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মো. মোতালেব হোসেনের মরদেহ কুমিল্লায় আনার পর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
জানা যায়, রাজনৈতিক ছত্রছায়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডেরজঙ্গল ছলিমপুরে ৩ হাজার একরের বেশি সরকারি খাসজমি দখলে নেয় কয়েকটি চক্র। দীর্ঘ তিন যুগ ধরে পাহাড় কেটে কোটি কোটি টাকার প্লট–বাণিজ্য। বহিরাগতদের এনে গড়ে তোলা হয়েছিল দেশের ভেতরে আরেকটি দেশ।


