রাঙ্গামাটির বরকল উপজেলার বড়হরিণা এলাকায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবির অভিযানে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৩১৫ কেজি রসুন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব রসুন জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ছোটহরিণা ব্যাটালিয়নের (১২ বিজিবি) একটি টহল দল বড়হরিণা এলাকার কর্ণফুলী নদীতে ভাসমান একটি ইঞ্জিনচালিত নৌকায় তল্লাশি চালায়। এসময় নৌকাটি থেকে ১৬ বস্তা বাংলাদেশী রসুন উদ্ধার করা হয়। জব্দ রসুনের মোট ওজন ৩১৫ কেজি, যা ভারতে পাচারের প্রস্তুতি নেয়া হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, জব্দ মালামাল বিধি মোতাবেক নিলামের প্রস্তুতি নেয়া হচ্ছে।
এ বিষয়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


