মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): দীর্ঘ ১৭ বছর পর কাপ্তাইয়ে শহীদ শামসুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সোমবার(১৫ জুন) বিকেলে। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের আয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার (১৫ জুন) বিকেল ফুটবল খেলার উদ্বোধন করেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
উদ্বোধনী খেলায় এশিয়া ইউনাইটেড বনাম কে এইচ এস ওয়ারির্রস অংশ গ্রহণ করে। খেলায় কে এইচ এস ওয়ারির্রস ৯- ১ গোলে জয়ী হয়ে এশিয়া ইউনাইটেড একাদশকে পরাজিত করে। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন শাহজালাল চৌধুরী।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পিডিবির ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, শহীদ এ কে এম শামসুদ্দিন ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কেএফপি) একজন আদর্শ ও নীতিবান ব্যবস্থাপক। যিনি ১৯৭১ সালে দেশের জন্য শহীদ হন। তার স্মৃতি রক্ষার্থে কাপ্তাইয়ে স্মৃতিস্তম্ভ নির্মাণের পাশাপাশি বিভিন্ন ক্রীড়া আয়োজন করা হতো। কিন্তু প্রায় ১৭ বছর নানা প্রতিকূলতা ও মাঠ সংকটের কারণে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টটি বন্ধ ছিল। বর্তমানে টুর্নামেন্টটি আবার চালু হওয়ায় পাহাড়ি এই জনপদে ফুটবল উন্মাদনা ফিরে এসেছে এবং স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি দীর্ঘ সময় পর শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মাঠ গড়ানোয় কাপ্তাই ও এর আশপাশের এলাকার ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঝে বিপুল সাড়া এবং উৎসবের পরিবেশ সৃষ্টি হবে বলে তিনি মতামত ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার প্রকৌশলী কাইসুল বারী, জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএর কাপ্তাই শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কবিরুল ইসলাম, পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত কবির, সিবিএর সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম, সাবেক ফুটবলার জামাল উদ্দিন প্রমূখ।
প্রসঙ্গত, দীর্ঘদিন পর কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের উদ্যোগে পিডিবি প্রজেক্ট এলাকায় শহীদ শামসুদ্দীন স্মৃতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ক্রীড়ামোদী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসহ- উদ্দীপনা সৃষ্টি করেছে। রাঙামাটি জেলাদীন কাপ্তাই এলাকার অন্যতম জনপ্রিয় এই টুর্নামেন্টটি দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় মাঠ গড়ানোর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক সাড়া পড়েছে বলে স্থানীয়রা জানায়।


