কায়সার হামিদ মানিক, উখিয়া: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের টানা চারবারের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে কক্সবাজার, উখিয়া ও টেকনাফে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মনোনয়নপত্র দাখিলের খবরে দলের নেতাকর্মীসহ শত শত উৎসুক জনতা কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে সমবেত হন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজ রহমান, এনসিপির কক্সবাজার জেলা সভাপতি আকতার আহমদ, কক্সবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুহাম্মদ মুছা, কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. ইসমাঈল, জেলা জামায়াতের অফিস সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান, সমাজকল্যাণ সম্পাদক নুর হোসাইন সিদ্দিকী, উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক এবং জেলা ছাত্রশিবিরের নবনির্বাচিত সভাপতি আবু তালহাসহ জেলা ও উপজেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীকে দলের চূড়ান্ত মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। তিনি এর আগে টানা চারবার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। আসন্ন সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে তিনি দীর্ঘ ২২ বছর পর হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।


