চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগেজে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটে SalamAir-এর ফ্লাইট OV-401-এ আগত যাত্রী আতিকুর রহমানের লাগেজ তল্লাশি করে ৩০০ কার্টন মন্ড ব্র্যান্ডের সিগারেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI)-এর সহযোগিতায় কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তাকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, উদ্ধারকৃত সিগারেটের বিপরীতে প্রায় ৬ লাখ টাকা রাজস্ব আদায় করা হয়েছে। জব্দকৃত পণ্য ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূল্যে বাজেয়াপ্ত করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ রোধ ও সরকারি রাজস্ব ফাঁকি প্রতিরোধে বিমানবন্দর কর্তৃপক্ষ, এনএসআই, কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের নজরদারি জোরদার রয়েছে।


