টিকাবিরোধী অপপ্রচার ও স্বাস্থ্য খাতে অবহেলার কারণে দেশে হামের ঝুঁকি বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দ্রুত কার্যকর ও সমন্বিত উদ্যোগ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, হামের প্রাদুর্ভাব রোধে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, চিকিৎসক সমাজ এবং জনস্বাস্থ্যসংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো জটিল হতে পারে বলেও আশঙ্কা করছ্নে।
হাম প্রতিরোধে স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম বাড়ানোর আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, গত ১২-১৩ মার্চ থেকে এপ্রিলের মধ্যে হামে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহ অঞ্চলকে ‘হটস্পট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এ পরিস্থিতিতে স্বাস্থ্যভিত্তিক কার্যক্রম জোরদার করতে হবে।
তিনি আরো বলেন, টিকাবিরোধী অপপ্রচার, কুসংস্কার এবং স্বাস্থ্য খাতকে অবহেলার কারণে এই ঝুঁকি বেড়েছে। উন্নত বিশ্বেও ‘অ্যান্টি-ভ্যাকসিন’ গোষ্ঠীর সক্রিয়তা এ পরিস্থিতিকে আরো জটিল করছে।
বিএনপির এই নেতা বলেন, আধুনিক চিকিৎসাব্যবস্থা বিজ্ঞানের ওপর নির্ভরশীল। তাই স্বাস্থ্যসেবায় বিজ্ঞানভিত্তিক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করা জরুরি।
অন্যথায় সঠিক রোগ নির্ণয় ও কার্যকর চিকিৎসা সম্ভব নয়।
স্বাস্থ্য খাতে বরাদ্দ ও গবেষণা ঘাটতির বিষয়েও তিনি দৃষ্টি আকর্ষণ করেন। বলেন, সীমিত অর্থায়নে গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়া কঠিন। বিজ্ঞান ও চিকিৎসা গবেষণায় আরো বেশি বিনিয়োগ প্রয়োজন।
এ সময় তিনি উল্লেখ করেন, জনগণ প্রত্যাশা করে মহামারি বা রোগের প্রাদুর্ভাব দেখা দিলে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে মানুষের পাশে দাঁড়াবে।
রিজভী আশা প্রকাশ করেন, দেশপ্রেমিক ও মানবকল্যাণে নিয়োজিত চিকিৎসক সমাজ হামের মতো রোগ মোকাবেলায় দ্রুত, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবী বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সস্কৃতিবিষয়ক সম্পাদক ও অভিনেতা আশরাফুজ্জামান উজ্জ্বলসহ স্বাস্থ্য খাতের বিভিন্ন পর্যায়ের কর্মী ও নার্সিং ইনস্টিটিউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


