আন্তর্জাতিক হকিতে প্রথম অংশগ্রহণেই ইতিহাস গড়ল বাংলাদেশের নারী দল। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত উইমেন্স এশিয়ান গেমস বাছাইপর্বে নিজেদের পুলের শেষ ম্যাচে হংকংকে ২-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (২৬ এপ্রিল) এই ম্যাচে ড্র করলেই মূল পর্বের টিকিট নিশ্চিত হতো বাংলাদেশের। তবে দারুণ লড়াই করে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই লক্ষ্য অর্জন করে দলটি। টানা তিনবার এশিয়ান গেমসে অংশ নেওয়া হংকংয়ের বিপক্ষে এই জয় বাংলাদেশের জন্য বড় মাইলফলক।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম মিনিটে লউ পুই সিজের ডান প্রান্ত থেকে আসা ক্রস থেকে নিখুঁত ফ্লিকে গোল করে হংকংকে এগিয়ে দেন ল কা মুন মেলিসা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
১০ম মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দারুণ আক্রমণ গড়ে তোলেন কনা আক্তার। তার কাটব্যাক থেকে জোরালো শটে গোল করে সমতা ফেরান নাদিরা এমা।
পরবর্তী সময়ে একাধিক সুযোগ তৈরি করেও গোল পায়নি বাংলাদেশ। অন্যদিকে হংকংয়ের কয়েকটি আক্রমণ রুখে দিয়ে দলের ভরসা হয়ে ওঠেন গোলরক্ষক মহুয়া।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। একের পর এক পেনাল্টি কর্নার পেলেও সেগুলো কাজে লাগাতে পারেনি দলটি। তবে ৩৯তম মিনিটে আসে ম্যাচ নির্ধারণী গোল। নাদিরা এমার পাস থেকে চতুর এক চিপে বল জালে জড়িয়ে দেন কনা আক্তার, যা শেষ পর্যন্ত জয়ের ব্যবধান গড়ে দেয়।
এই জয়ের ফলে দুই জয় ও এক ড্র নিয়ে ‘পুল এ’-এর শীর্ষে রয়েছে বাংলাদেশ। তবে গ্রুপের চূড়ান্ত অবস্থান নির্ভর করছে দিনের অন্য ম্যাচের ওপর, যেখানে চাইনিজ তাইপে মুখোমুখি হবে জয়হীন উজবেকিস্তানের।


