নিজেদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত আমিরাতের নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার এবং নিজ দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের পরিস্থিতির বর্তমান পরিবর্তনের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ওই তিন দেশে অবস্থানরত নাগরিকদের দ্রুত দেশে ফেরার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে এবং প্রয়োজনে জরুরি সহায়তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে নেয়া হয়েছে, যেখানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে সবচেয়ে বেশি হামলা করেছে ইরান। এ বিষয়ে সৌদি আরব সহ প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা চেয়ে পায়নি আমিরাত। এর প্রেক্ষিতে দেশটি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ঐক্যে ফাটল দেখা দিয়েছে। এর সুফল পেতে পারে পশ্চিমারা।


