রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়া ৩টি কাতল মাছ বিক্রি হয়েছে ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায়। মাছ তিনটির ওজন ছিলো ২৫,২০ ও ১৮ কেজি।
রোববার (৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটে বসবাসরত এক লন্ডন প্রবাসী মাছ ৩টি কিনে নেন বলে জানায় স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
তিনি জানায়,ভোর রাতে বাবু, আরিফ ও এরশাদ হলদার তাদের দল নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিভিন্ন এলাকায় জাল ফেলেন। এসময় বিভিন্ন এলাকা থেকে তাদের জালে তিনটি কাতল মাছ ধরা পড়ে। সকালে মাছ গুলো বিক্রির জন্য দৌলতদিয়া মাছ বাজারের এনে ওজন করে দেখেন বাবু হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি, আরিফ হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ২০ কেজি ও এরশাদ হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ১৮ কেজি ।
পড়ে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজির কাতল ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৫০০,২০ কেজি ওজনের কাতল ১ হাজার ৭০০ টাকা কেজি দরে মোট ৩৪ হাজার এবং ১৮ কেজি ওজনের কাতল ২৩ হাজার ৪০০ টাকায় কিনে নেয়।
স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, মাছ গুলো কেনার পর দেশের বিভিন্ন এলাকায় মুঠোফোনে যোগাযোগ করে কেজিতে ১০০ টাকা লাভে সিলেটের এক লন্ডন প্রবাসীর কাছে বিক্রি করেছি। ২৫ কেজির কাতল ৫৫ হাজার, ২০ কেজির কাতল ৩৬ হাজার ও ১৮ কেজির কাতল ২৫ হাজার ২০০ টাকায় মোট ১ লক্ষ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।


