এক কোটি এক লাখ গবাদি পশুর চাহিদা বিপরীতে বাংলাদেশে এই মুহূর্তে এক কোটি ২৩ লাখ গবাদিপশু রয়েছে কোরবানির জন্য। সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ থেকে গরু আনার কোন প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (২৩ মে) সকালে গাবতলীর পশুর হাট পরিদর্শনে এসে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী জানান, দেশে চোরাইপথে গরু না আসার জন্য সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী। হাটে অনিয়ম প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। জাল টাকা রোধের জন্য মেশিন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে। এবারের হাটে পশুর বিক্রেতাদের জন্য সর্বাত্মক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, পাশাপাশি ক্রেতারা যাতে এই হাটে নির্বিঘ্নে পশু ক্রয় করতে পারেন সেদিকেও ব্যবস্থা রাখা হয়েছে। গাবতলী হাটে আসা কোরবানির পশুগুলোকে রক্ষণাবেক্ষণ এবং তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে বিক্রেতারা গরু বিক্রির পর যাতে নিরাপদে নিজ নিজ এলাকায় ফিরতে পারেন সেজন্য হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে বলে জানান তিনি।


