পাকিস্তানে গত ১৬ দিনে বিষাক্ত রাসায়নিকে ১৮ জন মারা গেছেন। দেশটির সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে এই ঘটনা ঘটেছে। প্রদেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ১০ই জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারির মধ্যে এই মৃত্যুগুলো রেকর্ড করা হয়েছে।
খবরে বলা হয়েছে, করাচির কেয়ামারি জেলার পার্শ্ববর্তী আলি মোহাম্মদ গোথ এলাকায় এই রাসায়নিক বিপর্যয় ঘটেছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, এসব মৃত্যুর কারণ হলো বেশ কয়েকটি রাসায়নিক। এসব রাসায়নিকের কারণে ফুসফুসের রোগ সৃষ্টি হয়। পাকিস্তান কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় বিশেষ মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। এছাড়া কীভাবে এই রাসায়নিক বিপর্যয় হলো তার তদন্ত শুরু হয়েছে।
সিন্ধুর স্বাস্থ্য বিভাগ বলছে, গ্রামের দুটি কারখানা থেকে বাজে গন্ধ আসে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অবস্থা এতটাই ভয়াবহ যে প্রায়ই তাদের শ্বাসরোধ হয়ে আসে। স্বাস্থ্য বিভাগের মুখপাত্র মেহার খুরশিদ বলেন, যারা মারা গেছেন, তারা জ্বরে ভুগছিলেন। তাদের গলা ব্যথাসহ শ্বাসকষ্ট ছিল।
তিনি আল জাজিরাকে বলেন, পাঁচ-সাত দিন অসুস্থ থাকার পরই মৃত্যুগুলো হচ্ছে। উপসর্গ থাকা রোগীদের পরীক্ষা করে কোনো র্যাশ পাওয়া যায়নি। তবে কনজাঙ্কটিভিটিস উপস্থিত ছিল। বাসিন্দারা বাজে গন্ধ নিয়ে বিরক্তির পাশাপাশি উদ্বিগ্ন।
ওই শহরের বাসিন্দা হাফিজ লেগারি আল-জাজিরাকে বলেন, যারা মারা গেছেন, তাদের মধ্যে তিনজন প্রাপ্তবয়স্ক। বাকিদের বয়স ১ থেকে ১৩ বছরের মধ্যে। তিনি বলেন, এই অঞ্চলে গ্যাস নিঃসরণকারী কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। কর্মকর্তা লোকজনের সঙ্গে কথা বলে তদন্ত করছে। প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এক বিজ্ঞপ্তিতে দুঃখ জানিয়েছেন এবং তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।


