নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান (৪২) সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার মা আছিয়া বেগম (৭০) গুলিবিদ্ধ হন।
রোববার (২২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহত ওসমানের পিতা রশিদ আহমদ।
পরিবার সূত্রে জানা যায়, অস্ত্রধারী ৪ জন দুর্বৃত্ত হঠাৎ ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইঞ্জিনিয়ার ওসমান হাত ও পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা আছিয়া বেগমের দুই পায়ে গুলি লাগে।
এ ঘটনায় হামলাকারীরা ওসমানের পিতা রশিদ আহমদকেও মারধর করে আহত করে বলে জানা গেছে।
গুলিবিদ্ধ ওসমান সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গঞ্জম আলী সরকারের বাড়ির বাসিন্দা এবং স্থানীয় বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওসমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার মায়ের চিকিৎসাও চলমান রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।


