চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের উদ্যোগে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুমের যাত্রা শুরু হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওটি সম্প্রসারণ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, সহকারী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ আল ফারাবী, সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন মানিক, ডা. ইলহাম ইমাম, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. সামিউল করিম, ডা. আফরিনা জাহান শেফা, ডা. জহির শাহসহ সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসকরা।
ডা. শাহাদাত হোসেন বলেন, আধুনিক চিকিৎসা সেবার মান উন্নয়নে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নতুন সম্প্রসারিত অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি চালুর ফলে চট্টগ্রাম অঞ্চলে জরুরি ট্রমা, সড়ক দুর্ঘটনা এবং বিভিন্ন দুর্ঘটনাজনিত রোগীদের জন্য সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং দ্রুত ও কার্যকর চিকিৎসা প্রদান সম্ভব হবে।
এছাড়াও নবনির্মিত আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম চিকিৎসকদের অ্যাকাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে। এর মাধ্যমে চিকিৎসকদের জ্ঞানচর্চা, গবেষণা কার্যক্রম এবং চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে শয্যা আছে ৮৮টি।
তবে প্রতিদিন রোগী ভর্তি থাকে প্রায় তিন গুণ বেশি। ২৬ ও ৭৯ নম্বর ওয়ার্ডে চলতি মাসের শুরু থেকে এ পর্যন্ত ৫ শতাধিক নতুন রোগী ভর্তি হয়েছেন। বিভাগীয় প্রধান ডা. মোহাম্মদ কাওসারুল মতিন জানান, চট্টগ্রাম বিভাগের প্রায় সব জেলার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি ট্রমা রোগীরাও চিকিৎসা নেন।


