শফিউল আলম, রাউজানঃ
চট্টগ্রামের রাউজানের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতার সুযোগ্য পুত্র, শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার বড়ুয়া, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের প্রাক্তন প্রশাসনিক কর্মকর্তা অসীম কুমার চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বখতিয়ার।
সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ নিজাম উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক বাবুল কান্তি পারিয়াল ও সহকারী শিক্ষক রানা দাশ।
বক্তারা বলেন, আব্দুস সালাম আদর্শ উচ্চ বিদ্যালয় শিক্ষা বিস্তারে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে জ্ঞানের আলোয় আলোকিত করে প্রতিষ্ঠানটি সগৌরবে এগিয়ে যাচ্ছে। এলাকার সচেতন মহলের সহযোগিতায় ভবিষ্যতে বিদ্যালয়টিকে উপজেলা পর্যায়ে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


