মোঃ নজরুল ইসলাম লাভলু
কাপ্তাই (রাঙামাটি)।
কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টা থেকে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের বৃত্তি পরীক্ষায় কাপ্তাই উপজেলার মোট ৬১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। প্রথমদিন শিক্ষার্থীরা গণিত পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত।
সারাদেশে গত ১৫ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হলেও পাহাড়ে বর্ষবরণ উৎসব (বৈসাবি) চলায় সময় সূচীতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এবিষয়ে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন,
”পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব ও বর্ষবরণ অনুষ্ঠানের কারণে আমরা সাধারণ সূচীর চেয়ে ২ দিন পিছিয়ে শুক্রবার থেকে পরীক্ষা শুরু করেছি। শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক এবং কেন্দ্রের বাইরে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।”
পরীক্ষার প্রথম দিন কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কেন্দ্র সচিব জগদীশ চন্দ্র দাশ, হল সুপার রতন চন্দ্র দাশ।
তীব্র গরম উপেক্ষা করে পরীক্ষা কেন্দ্রের বাইরে শত শত অভিভাবককে তাদের সন্তানদের জন্য অপেক্ষা করতে দেখা যায়। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু। ৩৩৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


