চট্টগ্রামের চকবাজারে আটতলা ভবন থেকে ফেলে কলেজছাত্র আশফাক কবির সাজিদ হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি অনিক দাসকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ এপ্রিল) র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৪ এপ্রিল চট্টগ্রামের আনোয়ারা থানার সরকারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অনিক এই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১২ এপ্রিল বিকেলে নগরীর চকবাজারের ডিসি রোড শিশু কবরস্থান এলাকায় একটি টং দোকানের সামনে বসে কথা বলছিলেন সাজিদ ও তার বন্ধু ফারদিন হাসান। এমন সময় আইমন, অনিক, রানা প্রকাশ মাইকেল রানা, ইলিয়াস, এনায়েত উল্লাহ এবং মিসকাতুল কায়েসসহ ৫/৬ জন ভয়ভীতি দেখিয়ে তাকে নিয়ে যেতে চায়।
সেখান থেকে পালিয়ে সাজিদ প্রাণে বাঁচার জন্য দৌড়ে মৌসুমি আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের ৮ম তলায় প্রবেশ করে প্রধান গেট আটকে দেয়। এসময় দুর্বৃত্তরা সাজিদের পিছু ধাওয়া করে ভবনের সামনে চলে আসে। তারা ভবনের দারোয়ানকে ‘ভিতরে চোর ঢুকেছে’ বলে অভিযোগ করলে দারোয়ান গেট খুলে দেয়।
এসময় দুর্বৃত্তরা ভবনের ওপর উঠে সাজিদকে এলোপাথাড়ি মারধর করে এবং আহত অবস্থায় ভবনের ৮ম তলার লিফটের খালি জায়গা দিয়ে নিচে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় চকবাজার থানায় পরদিন হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা আবুল হাসেম শিকদার। সাজিদ হত্যার ঘটনায় ভবনের দারোয়ানসহ এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আশফাক কবির সাজিদ কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন। পড়াশোনার জন্য নগরের ডিসি রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।


