কায়সার হামিদ মানিক, উখিয়া: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে ক্যাম্প পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার সকালে তিনি উখিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আরআরআরসি সূত্রে জানা গেছে, পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মো. তৌফিক-উর-রহমান, পরিচালক শামিমা ইয়াসমিন স্মৃতি, এপিএস মোহাম্মদ ফজলুল হক, সহকারী সচিব জাহিদ হাসান সেহাবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা এবং বিভিন্ন ক্যাম্প ইনচার্জ (সিআইসি) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সবশেষে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে নারীদের দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সেলাই প্রশিক্ষণ ও স্বাস্থ্যবিধি সামগ্রী উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন এবং নারীদের আত্মনির্ভরশীল হতে উৎসাহ প্রদান করেন।
৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন উপলক্ষে ক্যাম্প এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিয়মিত টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।


