মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত মনোনয়ন স্থান করে অর্থাভাবে ভর্তি অনিশ্চিত হয়ে যাওয়া মো. নাহিদের পাশে দাঁড়িয়ে মিরসরাই এডুকেশন সোসাইটি। মঙ্গলবার (৯ জুন) রাতে মিরসরাই প্রেসক্লাব কার্যালয়ে নাহিদের হাতে ভর্তির জন্য ১০ হাজার টাকা তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়া ভবিষ্যতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
মো. নাহিদ মিরসরাই সদর ইউনিয়নের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার আশ্রয়ন প্রকল্পের আলাউদ্দিন মিয়ার ছেলে। সে উপজেলার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। বাবা আলাউদ্দিন কর্মক্ষম ও প্রতিবন্ধি। মা লাকী বাসা বাড়িতে কাজ করে সংসার চালান।
মো. নাহিদ বলেন, ‘আমার বাবা কর্মক্ষম ও প্রতিবন্ধি। মা লাকী বাসা বাড়িতে কাজ করে সংসার ব্যাংকের ঋণ পরিশোধ করতে হচ্ছে।আমাদের তিন ভাই বোনের পড়ালেখার খরচ চালাতে হিমশিম খাচ্ছে আমার বাবা। আমার বড় বোন ফেনী সরকারী কলেজে ইংরেজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়েও অর্থাভাবে ভর্তি হতে পারছিনা।’
সে আরও বলেন, ‘একটা সময় চিন্তা করছিলাম আমার স্বপ্ন এখানে শেষ হয়ে যাবে। পরবর্তীতে মিরসরাই এডুকেশন সোসাইটি আমার স্বপ্ন শেষ হতে দেয়নি। আমার উচ্চশিক্ষার জন্য আমাকে ১০ হাজার টাকা দিয়েছে। আমি এ সংগঠনে যারা আছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
মিরসরাই এডুকেশন সোসাইটির সভাপতি মির্জা জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, ‘আমরা সব সময় অস্বচ্ছল ও অর্থাভাবে ভর্তি হতে না পারা এমন শিক্ষার্থীদের জন্য কাজ করছি। তেমনি একজন মো. নাহিদের উচ্চশিক্ষায় আমাদের সংগঠনের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কোন সমস্যায় আমরা তার পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়া, মিরসরাই এডুকেশন সোসাইটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক, মিরসরাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ ও সাংগঠনিক সম্পাদক নুরুল আজহার।


