বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এদেশের স্বাধীনতায় যারা বিশ্বাস করেনি, তারাই আজ ধর্মের ভিত্তিতে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ সেই বিভাজনের রাজনীতি চায় না।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের মানিকপাড়া এলাকায় স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করে বলেন, একসময় দেশে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবে বারবার বিএনপির নেতৃত্বেই সেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে।
ছাত্র-গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শত সহস্র মানুষ রাজপথে শহীদ হয়েছেন। তাদের রক্তের বিনিময়ে যে আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে, তা ছিল একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি অবাস্তব প্রতিশ্রুতি দেয় না। আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই না, আমরা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই। তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশকে ৩৬ কোটি কর্মক্ষম হাতে রূপান্তর করাই বিএনপির লক্ষ্য।
পরিবেশ রক্ষায় বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, বৃক্ষরোপণ, খাল খনন, প্লাস্টিক দূষণ ও ব্যবহার কমানোর মতো বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় বিএনপি।
অন্যদিকে মাঠে থাকা অনেক রাজনৈতিক দলের এদেশের মানুষের জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের অর্থনীতিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল, বিএনপি ক্ষমতায় এলে তা শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে। এজন্য তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু মিয়া, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।


