সঙ্গীতাঙ্গনে নিরলস সাধনা, অসামান্য মেধা ও দীর্ঘদিনের অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের “মহান স্বাধীনতা স্মারক সম্মাননা পদক” পাচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা।
আগামী ১৮ এপ্রিল বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার হাতে এই সম্মাননা পদক তুলে দেবেন।
এবার বিভিন্ন ক্ষেত্রে আরও যারা সম্মাননা পাচ্ছেন তারা হলেন—
স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আলম নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে অবদানের জন্য মো. একরামুল করিম, শিক্ষাক্ষেত্রে চট্টগ্রাম পৌরসভার প্রথম চেয়ারম্যান নূর আহমদ চেয়ারম্যান (মরণোত্তর), চিকিৎসায় এম এ ফয়েজ, সাংবাদিকতায় দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, ক্রীড়াক্ষেত্রে আকরাম খান এবং আঞ্চলিক ভাষায় অবদানের জন্য শিল্পী বুলবুল আক্তার।
সাহিত্য সম্মাননা পদকের জন্য গীতিকবিতায় ড. আব্দুল্লাহ আল মামুন, শিশু সাহিত্যে সৈয়দ খালেদুল আনোয়ার, প্রবন্ধ ও গবেষণায় হারুন রশীদ, কবিতায় শাহিদ হাসান এবং কথাসাহিত্যে জাহেদ মোতালেব মনোনীত হয়েছেন বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
এ ছাড়া সমাজসেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, স্বাস্থ্যসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং সাংস্কৃতিক ক্ষেত্রে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) স্বাধীনতা স্মারক সম্মাননায় ভূষিত হচ্ছে।


