আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্ট কর্তৃক পরিচালিত আল্লামা নূরী মেধাবৃত্তি পরিক্ষার কার্যক্রম উদ্বোধন ০৫ অক্টোবর শনিবার বিকেলে নগরীর অক্সিজেনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বৃত্তি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাউছার হামিদ এর সভাপতিত্বে এবং সচিব মাওলানা মুহাম্মদ নাজিম উদ্দিন নূরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের প্রেসিডেন্ট পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাসেম নূরী (মু.জি.আ)। প্রধান আলোচক ছিলেন রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব।
স্বাগত বক্তব্য রাখেন বৃত্তি পরিচালনা বোর্ডের ভাইস চেয়ারম্যান সংগঠক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী। আল্লামা নূরী মেধাবৃত্তি পরিচালনা বোর্ডের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার হারুন উর রশিদ, মুহাম্মদ মিনহাজ উদ্দীন সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মুহাম্মদ আয়ুব তাহেরি, আবু হানিফ রিপন, মাষ্টার মুহাম্মদ আছিফুল ইসলাম, এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী, মাষ্টার জুয়েল উদ্দীন প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে পীরে তরিক্বত আল্লামা মুহাম্মদ আবুল কাসেম নূরী (মুজিআ) বলেন, প্রতিটি শিশু জন্ম গ্রহণ করে স্রষ্টা প্রদত্ত মেধা নিয়ে। তবে তা প্রথমে নির্ভর করে তার পরিবারের উপর।
একটু বড় হওয়ার সাথে সাথে শিক্ষকের উপর ও পরিবেশের উপর। একটি জাতির মেরদন্ড হলো শিক্ষা। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সুশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। আমাদের সংস্কৃতিতে সন্তানদের শিক্ষিত করতে মা-বাবার দুঃশ্চিন্তার অন্ত নাই। কিন্তু সন্তানদের সৃজনশীল, প্রতিযোগিতামূলক, সুস্থ সংস্কৃতি, বাঙ্গালি সংস্কৃতি, মনোবিকাশের দিকে তাদের ততটা আগ্রহ কিংবা গুরুত্ব নেই। শিশু-কিশোরদের স্কুল-কলেজ-মাদ্রাসায় বাঙালি সংস্কৃতি মূল্যবোধ সম্পন্ন সৃজনশীলতা ও মননশীলতার উপর শিক্ষা দিতে হবে। সৃজনশীল প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। এতে শিশুদের সুপ্ত মেধা-মনন বিকশিত হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক কাউছার হামিদ বলেন, সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলায় শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। ন্যায়বোধ সম্পন্ন মানুষ না হয়ে শুধুমাত্র শিক্ষিত হলেই একটি জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। বাংলাদেশ দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে শিক্ষিতদের কারণে, মূর্খ কৃষক-শ্রমিকদের কারণে নয়।
তাই আমাদের প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ সুশিক্ষিত প্রজন্ম। দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে শিশুরা। তাই তাদেরকে মানবিক মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, ধর্মীয় অনুশাসন আর নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও প্রযুক্তি সুষম ব্যবহারে দক্ষ গড়ে তুলতে না পারলে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে না। তাই দেশ-প্রেমিক দক্ষ সুনাগরিক গড়ে তুলতে আসুন আমরা নিজেদের পরিবর্তন করি।


